প্রিন্ট এর তারিখঃ Sep 18, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 3, 2026 ইং
বাঘায় গেম নিয়ে বিরোধে যুবককে কুপিয়ে জখম

সোহেল রানা স্টাফ রিপোর্টর:
রাজশাহীর বাঘা উপজেলার চণ্ডীপুর এলাকায় গেম খেলাকে কেন্দ্র করে বিরোধের জেরে মো. লাচ্চু (৪০) নামে এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখমের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি ফরিদ মণ্ডলকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার ফরিদ মণ্ডল উপজেলার বাজুবাঘা ইউনিয়নের চণ্ডীপুর গ্রামের মৃত মাছের প্রামাণিকের ছেলে।
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল হক জানান, রোববার (২ আগস্ট) রাতে অভিযান চালিয়ে ফরিদকে গ্রেপ্তার করা হয়। সোমবার (৩ আগস্ট) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, শনিবার (১ আগস্ট) রাত পৌনে ৮টার দিকে চণ্ডীপুর বাজারে পল্লী চিকিৎসক জহুরুলের দোকানের সামনে একদল যুবক অতর্কিত হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে লাচ্চুর মাথায় গুরুতর জখম হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগে তার মাথায় ১২টি সেলাই দেওয়া হয়।
বাদী হয়ে রোববার বাঘা থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় চণ্ডীপুর গ্রামের আজিদুলের ছেলে রবিন, শাহজাহানের ছেলে আল-আমিন, জমসেদের ছেলে হালিম ও ফরিদ মণ্ডলসহ ১০ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও ১২ থেকে ১৫ জনকে আসামি করা হয়েছে।
এজাহারে উল্লেখ করা হয়, চণ্ডীপুর মাঠে গেম খেলাকে কেন্দ্র করে প্রথমে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে প্রতিপক্ষের লোকজন সংঘবদ্ধ হয়ে লাচ্চুর ওপর হামলা চালায়। স্থানীয়দের দাবি, অনলাইনভিত্তিক ‘ফ্রি ফায়ার’ গেমকে কেন্দ্র করেই বিরোধের সূত্রপাত।
স্থানীয় সূত্রে জানা গেছে, আহত লাচ্চু ও গ্রেপ্তার ফরিদ-দুজনই বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তবে ফরিদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তিনি আওয়ামী লীগের ছাত্রসংগঠনের সমর্থকদের পক্ষ নিয়ে বিএনপি-সমর্থক লাচ্চুর ওপর হামলায় অংশ নেন। এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
ওসি সেরাজুল হক বলেন, “মামলার এজাহারে বর্ণিত অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে একজন এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”
এদিকে রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ সোমবার বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে আহত লাচ্চুর চিকিৎসার খোঁজখবর নেন।
ঘটনার পর চণ্ডীপুর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে থানা পুলিশ।
© দৈনিক চেতনার কন্ঠ